যশোরে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আবু সাঈদ গ্রেফতার

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ শাহাদত্ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল শহরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু সাঈদ যশোর জেলা জামায়াতের নায়েবে আমির এবং এই আসনে জামায়াতের সাবেক সংসদ সদস্য।  

এর আগে বৃহস্পতিবার রাতে আবু সাঈদের ঝিকরগাছা শহরের বাসভবনে হেলমেটধারী একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যক্তিগত মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। যেটি বৃহস্পতিবার রাতেই প্রার্থী তার ফেসবুক আইডিতে ছবিসহ আপলোড করেন। আবু সাঈদের ছেলে হাবিব কায়সার বলেন, ‘ধানের শীষের প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। আমার বাবা সকল মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাকে আটক করা হয়েছে।’

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, আবু সাঈদ একটি নাশকতার মামলার এজহারভুক্ত আসামি। শুক্রবার আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।