সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে ---- র্যাব মহাপরিচালক

র্যাবপ্রধান বেনজীর আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ হবে। ভোটাররা সবাই শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন। গতকাল বেলা ১২টায় শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান  অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

র্যাব মহাপরিচালক আরও বলেন, এক সপ্তাহ পরই সংসদ নির্বাচন। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং সরকার গঠন করবেন। নির্বাচনে অতীতের মতো সাংবাদিক ও আমরা এক সঙ্গে কাজ করব।

র্যাব মহাপরিচালক বলেন, প্রচলিত অপরাধ কমলেও নতুন নতুন অপরাধ সৃষ্টি হচ্ছে। এ বিষয়টি ক্রাইম রিপোর্টাররা তুলে আনতে পারেন। ফিন্যানসিয়াল ও সাইবার ক্রাইম বাড়ছে। মিথ্যে কথা ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। অস্বস্তিকর ও বিরক্তিকর প্রোপাগান্ডা যারা ছড়ায় তারা বিকারগ্রস্ত। র্যাবপ্রধান আরও বলেন, আর্থিক খাতে প্রতারণা হচ্ছে। দেওয়ানি প্রকৃতির এসব অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কিছু করার থাকে না। আর এসব মামলার বিচার কাজে খুবই সময় লাগে। অপরাধ বিষয়ক প্রতিবেদকদের  নিজেদের সহকর্মী ও বন্ধু উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, পরিবর্তনের ছোঁয়া চারদিকে। ২০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। অনেক পরিবর্তন এসেছে। মিডিয়ার প্রাণ বলা যায় ক্রাইম রিপোর্টাদের।

ডিএমপি সাবেক কমিশনার বেনজীর আহমেদ বলেন, ২০১০ সালে ডিএমপি কমিশনার হয়ে বসার পরই মিডিয়া সেন্টারে হাত দিয়েছি। সেখানে মানসম্মত বসার জায়গা, কম্পিউটার, ফ্রি ইন্টারনেট দিয়েছি। আগে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের ছিল ব্যক্তিগত সম্পর্ক। সেটা ভেঙে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ার কাজ শুরু করে দিয়েছি। ডিএমপি কমিশনারের পদ ছেড়ে র্যাবে আসার পর দেখেছি উত্তরা র্যাব সদর দফতর আসতে যেতে ও নিউজ কাভার করতে সাংবাদিকদের দিনই শেষ হয়ে যায়। তাদের কাছে দ্রুত পৌঁছাতে ও দ্রুত তথ্য সরবরাহের লক্ষ্যে আমরা র্যাব মিডিয়া সেন্টার মিডিয়া পাড়া কারওয়ানবাজারে নিয়ে এসেছি। আমার দরকার সাংবাদিকদের, সাংবাদিকদেরও দরকার আমাদের। এ সম্পর্ক সামনে আরও উন্নত হবে। দেশের জন্য আমাদের উভয় পক্ষকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে পুলিশ সদর দফতরের ডিআইজি (মিডিয়া) এসএম রুহুল আমিন বলেন, আমরা অপরাধ দমন করি আর আপনারা রিপোর্টাররা তথ্যচিত্র তুলে ধরেন। সেখানে আমাদের সঙ্গে সাংবাদিকদের বিরোধের কোনো সুযোগ নেই। যখন নিজের কাজটা করি না, তখন বিরোধ হতে পারে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা ছিল। সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে। সমাপনী বক্তব্য রাখেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সারওয়ার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর হোসেন, র্যাবের এডিজি (অপস) কর্নেল জাহাঙ্গীর আলম, এডিজি অ্যাডমিন ডিআইজি জামিল আহমেদ, র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, ডিএমপি ডিসি মিডিয়া মাসুদুর রহমান, পুলিশ সদর দফতরের সিনিয়র তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান প্রমুখ।