সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে পুলিশের পোশাক পরে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকালে তাকে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ আনায় তাকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার এস.এম মোস্তফা কামাল জানান, সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কোনো দলের পক্ষে ভোট চাইতে পারেন না। এ অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে ২০ ডিসেম্বর বিকেলে কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ। বক্তব্যে তিনি উপস্থিত দর্শকদের কাছে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।
এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে.এম নূরুল হুদার কাছে সাতক্ষীরা-১ আসনের ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব তাকে প্রত্যাহারের দাবিতে লিখিত অভিযোগ করেন।
আরো পড়ুন: সমাবেশের মঞ্চ ভেঙে এমপি, উপজেলা চেয়ারম্যানসহ আহত ১০
বিএনপি প্রার্থীর অভিযোগপত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে মহাজোট মনোনীত প্রার্থী মুস্তাফা লুৎফুল্লাহর পক্ষে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চান ওসি মারুফ আহম্মেদ। তার বক্তব্যের ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মঞ্চে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিষোদগার করেন তিনি।
চিঠিতে আরও বলা হয়, ‘সরকারি কর্মকর্তা হিসেবে একজন ওসির এ রকম আচরণ গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৭ অনুচ্ছেদ ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ বিধিমালা ভঙ্গ হয়েছে।’
ইত্তেফাক/ইউবি