যাত্রাবাড়ীতে জেএমবি’র ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য সন্দেহে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে কাজলার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে জঙ্গি দমনে ডিএমপির বিশেষায়িত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ১টি লাইসেন্সবিহীন পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধারের দাবি পুলিশের।

ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে নরসিংদীর জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণকারী খাদিজা আক্তার মেঘলার স্বামী রাকিবুল হাসান ওরফে রাহুল ওরফে আর্তুগালও রয়েছেন। অন্যরা হলেন-আলামিন, হাফিজ ভুঁইয়া, সৈয়দ জাকারিয়া, জসিম উদ্দিন, মিজানুর রহমান ওরফে সুমন, শাহ আলম ওরফে সাইফুল্লাহ ওরফে সাকিব ও মিলন হোসেন ওরফে তপন।

সিটিটিসি জানায়, জেএমবি সদস্য রাকিবুলের নির্দেশে অন্যরা সংগঠনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি জনমনে ভীতি সঞ্চারের লক্ষ্যে জঙ্গি হামলার স্থান নির্ধারণের জন্য একত্রিত হয়েছিল।

ডিএমপি’র উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে রবিবার রাতেই যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বিকালে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে পুলিশ।