এসএসসির ফরম পূরণে বাড়তি ফি

দনিয়া এ কে স্কুলে দুদকের অভিযান

এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়তি ফি নেওয়ার অভিযোগে দনিয়া এ কে স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়েছে দুদক। গতকাল সোমবার দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান ও উপসহকারী পরিচালক মো. শিহাব সালাম এ অভিযান পরিচালনা করেন। দুদক জানায়, কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ এ, এ মর্মে অভিযোগ আসে এসএসসি পরীক্ষা-২০১৯ এর ফরম পূরণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি-এর পরিবর্তে এ কে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বাড়তি ৩৮০০ করে টাকা নিচ্ছে। তাত্ক্ষণিক ওই স্কুলে অভিযান চালায় দুদক বিশেষ টিমের সদস্যরা।

অভিযানকালে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফরম পূরণে সরকার নির্ধারিত ফি নেওয়া হলেও একই সঙ্গে শিক্ষার্থীদের নিকট থেকে কোচিং, মডেল টেস্ট, শিক্ষক কল্যাণ তহবিল এবং বিবিধ খাতে সাকুল্যে অতিরিক্ত ৩৮০০ টাকা করে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই বিদ্যালয় থেকে এ বছর ১১৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এ সময় দুদক টিমের সদস্যরা কোচিং ফি, মডেল টেস্ট, শিক্ষক কল্যাণ এবং বিবিধ খরচের নামে বাড়তি টাকা নেওয়ার বিষয়ে তাত্ক্ষণিক বিদ্যালয়ে উপস্থিত ডেমরা অঞ্চলের থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মৌখিকভাবে অবহিত করেন। এ ছাড়া দুদক টিমের সদস্যরা অতিরিক্ত অর্থ নেওয়া সংক্রান্ত রেজিস্টারের ফটোকপি সংগ্রহ করে কমিশনে প্রতিবেদন দাখিল করে।