ড. কামাল একদিন ইতিহাসের আস্তাকুড়ে চলে যাবেন: তোফায়েল

'ড. কামাল একজন সংবিধান প্রণেতা হয়ে আজ স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। আসলে তিনি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। আমি কামাল হোসেনকে ঘৃণা করি। দেশ বিরোধীদের এ চক্রান্ত বাংলার জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।' ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শনিবার দুপুরে মানিকা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত স্থানীয় মানিকার হাট বাজারে এক পথ সভায় এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, 'ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর নির্মম নির্যাতন চালায়। তার নির্যাতনের কথা আজও মানুষ ভুলেনি। এ কারণে তার বিরুদ্ধে বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এ ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ হাফিজ ইব্রাহিমকে এর সমুচিত জবাব দেবে।'

পথসভায় ৪দলীয় জোট সরকারের আমলে নির্যাতনের শিকার আলামিন মেম্বার, আলাউদ্দিন, স্বপন, মালেক পলপান উপস্থিত জনতার সামনে তাদের নির্যাতনের চিত্র তুলে ধরেন।

ভোলা-২ আসনের নৌকার প্রার্থী আলী আজম মুকুল এমপি উন্নয়নের ধারাবাহিকতা ও তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দানের জন্য ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে 'মানবতার মা' জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

আরও পড়ুনঃ নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা না দেয়ায় যুক্তরাষ্ট্রের ‘অসন্তোষ’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দারসহ সভাপতি জহির উদ্দিন বাবর, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমুখ।

ইত্তেফাক/নূহু