সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি বরখাস্তকৃত পৌর মেয়র হালিমুল হক মিরুকে হাইকোর্টের দেওয়া জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
গত ৪ নভেম্বর হাইকোর্ট মিরুকে স্থায়ী জামিন দিয়েছিল। ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহার খাতুন। আবেদনের পক্ষে আইনজীবী আব্দুল মতিন খসরু ও রুহুল কুদ্দুস কাজল ও মিরুর পক্ষে ইউসুফ হোসেন হুমায়ুন ও এএম আমিনউদ্দিন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করে। পাশাপাশি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে বলেছে আদালত।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহকালে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। পরদিন ঢাকায় আনার পথে তিনি মারা যান।