লাহোরের উইকেটে নাখোশ শোয়েব

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটকে ‘নিম্নমান’-এর বলে দাবি করলেন পাকিস্তানের শোয়েব আখতার। বাংলাদেশের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে উইকেটের সমালোচনা করে তিনি বলেন, ‘১৫ বছর আগে যখন মুলতান, পেশোয়ার বা লাহোরে খেলতাম, তখনো উইকেট এমনই ছিল। উইকেটে পেস, বাউন্স কিছুই ছিল না। এখন পরিবর্তন দরকার। এভাবে টি-টোয়েন্টি হয় না। আমি কিউরেটরদের আরো ভালো পিচ বানানোর অনুরোধ করছি। দর্শক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে চার ও ছক্কা দেখতে আসে। উইকেট এমন করতে হবে, যাতে ১৯০ বা ২০০ রান ওঠে। আর আমাদের ব্যাটসম্যানরা এমন রান তাড়া করতেও সক্ষম হবে। একই সঙ্গে এটা আমাদের বোলারদের শেখাবে, কিভাবে ফ্ল্যাট পিচে ব্যাটসম্যানদের বিরুদ্ধে খেলতে হয়। দেখুন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের জন্য ফ্ল্যাট পিচ তৈরি করে, এতে বড়ো টার্গেটও সহজ মনে হয়।’