অস্ট্রেলিয়ান ওপেন
স্পোর্টস ডেস্ক
রাফায়েল নাদাল ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপার পথে এগোচ্ছেন অদম্য গতিতেই। গতকাল শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে স্বদেশি পাবলো ক্যারেনো বুস্তাকে হারিয়েছেন ৬-১, ৬-২, ৬-৪ গেমে। দুর্দান্ত সব সার্ভের পসরা সাজিয়ে পাওয়া এ জয়ের পর টুর্নামেন্টের শীর্ষ বাছাই জানালেন, টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই তার সেরা ম্যাচ। মোটে ৯৮ মিনিট দীর্ঘ ম্যাচের শুরু থেকেই নাদাল ছিলেন দারুণ সপ্রতিভ। এদিন নিজের সার্ভে মাত্র পাঁচটি পয়েন্ট হারিয়েছেন তিনি, আদায় করেছেন ৯টি এইস। রড লেভার অ্যারেনায় ১৯টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী একটিও ডাবল ফল্ট করেননি এদিন। যারই ফল সরাসরি সেটে এ জয়। শেষ ষোলয় প্রতিপক্ষ হিসেবে নিক কিরগিয়সকে পেয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই নাদাল এই পারফরম্যান্সকে চলতি আসরে নিজের সেরা হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘এটা চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত আমার সেরা ম্যাচ, কোনো সন্দেহ নেই। এটা বেশ ইতিবাচক ব্যাপার।’ নিজের সার্ভে দুরন্ত পারফরম্যান্সকেই জয়ের নিয়ামক মানছেন নাদাল, ‘আমি মনে করি আজ আমি সার্ভে দারুণ খেলেছি। এরপর ফোরহ্যান্ডে বেশ কিছু দারুণ শট খেলেছি। সেটাই ছিল আমার মূল শট।’
এই জয়ের ফলে স্বদেশিদের বিপক্ষে টানা জয়ের রেকর্ডটাকে ১৮-তে উন্নীত করেছেন নাদাল। শেষ চার বছরে একটি ম্যাচেও হারেননি তিনি। বন্ধু পাবলোর বিপক্ষেও এটি তার টানা পঞ্চম জয়। তবে স্প্যানিশ তারকা বাকি মৌসুমের জন্যে শুভকামনাই জানালেন। তিনি বলেন, ‘পাবলোর জন্যে দুঃখিত। সে আমার খুব ভালো বন্ধুও। মৌসুমের বাকি অংশের জন্যে তার জন্যে শুভকামনাই রইল।’
গতকাল দিনের অন্য ম্যাচে স্তানিস্লাস ওয়াওরিঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেট চলাকালে জন ইসনার চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান। ফলে ওয়াওরিঙ্কা চলে যান শেষ ষোলয়। নারী এককে গারবিনে মুগুরুজা এলিনা সোভিতোলিনাকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। এছাড়াও জয় নিয়ে শেষ ষোলয় উঠে গেছেন সিমোনা হালেপ, অ্যাঞ্জেলিক কেরবাররা।