আলাদিন আলাদিন

চৌধুরী ফেরদৌস

 

আলাদিন আলাদিন

প্রদীপটা জ্বালা দিন—

জনতার রক্তে জিন-ধরা তখেত

জমে গেছে বহু ঋণ।

 

আলাদিন, বাবা আলা

প্রদীপটা দ্রুত জ্বালা—

চাদ্দিকে বকাওয়াজ:

চোখ-কান ঝালাপালা।

 

আলাদিন আলাদিন

না আরব নয় চীন,

স্বদেশটা এনে দিন

জনগণতন্ত্রে—সুশাসনমন্ত্রে।

 

আলাদিন যদি তুই

প্রদীপটা না জ্বালাস

দেশ যাবে এঁদোকূপে

করবেটা কে তালাশ:

 

এক দিকে রাজাকার

যম হয়ে হাসবেই

সে সুযোগে সাজাকার

স্বাধীনতা বেচবেই।

 

আলাদিন, আলাদিন—

সচেতন দেশবাসী :

আর নয় চুপ-থাকা

আয় নেমে ঝেড়ে কাশি।

 

জিন নয়, জিন নয়

রাজাদের দিন নয়—

আলাদিন আলাদিন

এনে দিন প্রজা-দিন।