হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস আজ রবিবার। এ উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
দিনাজপুরের বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ ২৬ জানুয়ারি ভারতে ৭১তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপিত হচ্ছে। সেখানে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিন্ধান্ত নেন। এর ফলে সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার থেকে বন্দরে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকে।