ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুরহাটের রামেশ্বরপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়ায় ঘটনাটি ঘটে। মৃতের স্বামী বলেন, শুক্রবার সকাল থেকে বাড়ির পাশে মিশনের একটি অনুষ্ঠান চলছিল। কিন্তু অনুষ্ঠানে তার স্ত্রীকে যাওয়ার কথা বললে সে বলে, বাসায় কেউ নাই, গবাদিপশুদের দেখাশুনা করতে হবে। সে জন্য সবাই অনুষ্ঠানে গেলেও সে যায়নি। পরে রাত ৯টায় বাসায় এসে দেখেন তার স্ত্রী মাটিতে গড়িয়ে ছটফট করছে। তাত্ক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়। কি কারণে স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে তা বোধগম্য নয় স্বামীর কাছে।
থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, বিষপানে গৃহবধূর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।