ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে নবজাতক মেয়ে শিশুকে ভিক্ষুকের কাছে রেখে পালিয়েছেন মা। বর্তমানে শিশুটি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সক। শুক্রবার রাত ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ভিক্ষুকের কাছে নবজাতককে রেখে পালিয়ে যান মা। এ সময় ফাতেমা নামের নারী ভিক্ষুক রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল। তাকে ১০ টাকা ভিক্ষা দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নবজাতককে কোলে দিয়ে মা পালিয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো হদিস মেলেনি। পরে ঐ ভিক্ষুক কোনো উপায় না দেখে রাস্তার পাশের ফার্মেসির মালিক মুকুলের কাছে মেয়ে শিশুটিকে নিয়ে যায়। দোকানদার তাত্ক্ষণিক নবজাতককে তার বাসায় নিয়ে যায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লোবনা ফারজানা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনকে বিষয়টি জানায়। তারপর ভৈরব থানায় জিডি করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে আসেন। ভৈরব উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ বলেন, নবজাতক শিশুটিকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। তার শরীরিক অবস্থা ভালো আছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন বলেন, বাচ্চাটি হাসপাতালে চিকিত্সাধীন। এই বিষয়ে আমরা এরই মধ্যে থানায় একটি জিডি করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা লোবনা ফারজানা জানান, শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তরের মাধ্যমে শিশু আদালতে পাঠানো হবে এবং আদালত যে নির্দেশনা দেবে সেভাবে বাচ্চাটি রাখা হবে।