এর ভেতর মাত্র একটি শর্টফিল্মের কাজ করেছেন নওশাবা। না অভিনয় নয়, নির্মাণ করেছেন। তবে নতুন কোনো ১ ঘণ্টার নাটক বা ধারাবাহিকে এখনো কাজ করেননি। তবে বছরের শেষে নতুন খবর হলো নওশাবা অভিনীত নতুন একটি চলচ্চিত্রই হচ্ছে এ বছরেরও শেষ চলচ্চিত্র। ‘স্বপ্নের ঘর’ নামের এই চলচ্চিত্রটি ভৌতিক ঘরানার। দেশের তরুণ মেধাবী নির্মাতা তানিম রহমান অংশুরও এটি প্রথম চলচ্চিত্র পরিচালনা। এ ছবিতে আরো কাজ করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া রাবী মম, শিমুল খান প্রমুখ। ছবিটি প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটি একেবারেই অন্যরকম। বোল্ড একটি চরিত্র। এ ধরনের চরিত্রে আমি কখনোই কাজ করিনি এর আগে। সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, তাই এই কাজটি নিয়েও আমি খুব উচ্ছ্বসিত।’ এছাড়া নিয়মিত নির্মাণে থাকবেন কি-না জানতে চাইলে নওশাবা বলেন, ‘শিশুদের নিয়ে আমি অনেক আগে থেকেই কাজ করি। এটা তারই ধারাবাহিকতা। ভালো কনসেপ্ট হলে কেন করবো না। এছাড়া নির্মাণের কাজটিও আমি নিজের ভালোলাগা থেকেই করি।’ এ বছরে তার কলকাতার একটি প্রডাকশনের কাজ করার থাকলেও পরে তা সম্ভব হয়নি। তবে নতুন বছরে বেশকিছু ছবি ও নাটকে কাজ করবেন বলে জানান নওশাবা। তিনি বলেন, ‘আমার ভেতরে আলাদা কোনো দৌড় কাজ করে না। আমি নিজের মতো চলার চেষ্টা করি। এর ভেতরে যা কিছু পাই তাতেই আনন্দ। নতুন বছরেও আমি আমার রুচির মাপেই কিছু মানসম্পন্ন করতে চাই।’