পদ থেকে না সরালে ট্রাম্প ফের ক্ষমতার অপব্যবহার করবেন

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন ডেমোক্র্যাটরা। তারা সতর্ক করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি। তাই তাকে ক্ষমতা থেকে না সরালে ফের ক্ষমতার অপব্যবহার করবেন তিনি। রিপাবলিকানরা গতকাল শনিবার থেকে তাদের যুক্তি উপস্থাপন শুরু করেছেন। খবর রয়টার্স ও সিএনএনের

শুক্রবার যুক্তিতর্ক উপস্থানের তৃতীয় ও শেষ দিনে ডেমোক্র্যাটদের প্রধান আইনজীবী অ্যাডাম স্কিফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে চাপ দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপর তিনি হোয়াইট হাউজ ও সরকারি কর্মকর্তাদের বিচারকাজে অংশ নিতে না দিয়ে বিচারকাজে বাধা সৃষ্টি করেছেন। অ্যাডাম স্কিফ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প   যদি অপসারণের মতো কাজ করেন এবং সেটা যদি প্রমাণ করা যায়, তাহলে কে পছন্দ করল কিংবা না করল তাতে কিছু যায় আসে না। ট্রাম্পের অপসারণে স্কিফই ডেমোক্র্যাটদের পক্ষে শেষবারের মতো তার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘যাই হোক না কেন, প্রেসিডেন্ট ট্রাম্প গণতন্ত্রের জন্য বড়ো ধরনের হুমকি। কারণ তিনি একই কাজ আবার করবেন। তার প্রতি আমাদের কারোই আস্থা নেই। তার রেকর্ড তাই-ই বলে।’ শনিবার থেকে রিপাবলিকানরা প্রকাশ্যে যুক্তি তুলে ধরছেন। তারাও তিন দিনে ২৪ ঘণ্টা সময় পাবেন।