জবি শিক্ষক সমিতি নির্বাচন

আওয়ামীপন্থি শিক্ষকদের ত্রিমুখী লড়াই

আওয়ামীপন্থিদের ত্রিমুখী লড়াই হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে। আগামী ২৮ জানুয়ারিতে অনুষ্ঠেয় এই নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। বরাবরের মতো এবারও ক্ষমতাসীন দলের শিক্ষকরা দুটি প্যানেল দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মনিরুজ্জামান খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রত্যেক পদে দুই জন করে অংশগ্রহণ করলেও সভাপতি পদে তিন জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। এবারের নির্বাচনে কোনো প্যানেল ছাড়াই সভাপতি পদে অংশগ্রহণ করছেন ‘জয় বাংলা শিক্ষক সমাজে’র আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। এদিকে ক্ষমতাসীন নীল দলের দুই প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ এবং একাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর।

এবার নির্বাচনে ছয়টি পদে মোট ৩১ জন শিক্ষক লড়াই করছেন। এদের মধ্যে থেকে ১৫ জন নির্বাচিত হবেন। সদস্যপদে ১০ জন ও বাকি পাঁচ পদে এক জন করে নির্বাচিত হবেন। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহসভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে দুই জন এবং সদস্য পদে ২০ জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করছেন।