মিরপুরে পুলিশ সদস্যের আত্মহত্যা

স্ত্রী-শাশুড়িকে গ্রেফতারের দাবি

রাজধানীর মিরপুরে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার প্ররোচনায় জড়িত অভিযোগ এনে তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ‘এইড ফর মেন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৩ জানুয়ারি মিরপুরে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন আব্দুল কুদ্দুস। তিনি আত্মহত্যার পূর্বে ফেসবুকে এক স্ট্যাটাসে আত্মহত্যার কারণ ব্যাখ্যা করেন। ঐ সদস্যের স্ট্যাটাসে স্পষ্ট যে, তিনি তার স্ত্রী ও শাশুড়ির মানসিক অত্যাচারের কারণেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

সংগঠনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খান বলেন, নারী-পুরুষ উভয়ই নির্যাতনের শিকার হলেও পুরুষদের মানসিক স্বাস্থ্য ও আইনি সুরক্ষা দেওয়ার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। যার কারণে কোনো পুরুষ পারিবারিক নির্যাতনে প্রাণ হারালে রাষ্ট্রকেই এর দায় নিতে হবে। তিনি নিহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।