‘Think. Hack. Solve.’ স্লোগানটিকে সামনে রেখে দেশের ১০টি জনগুরুত্বপূর্ণ সমস্যার তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস।’ আইসিটি বিভাগের ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)’ তার ‘স্টার্টআপ বাংলাদেশ’ ব্যানার নিয়ে ‘বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন’ ও ‘টেক মাহিন্দ্রা লিমিটেড (TechM)’ এর সহযোগিতায় আয়োজন করছে এই হ্যাকাথন। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে সরকার, যার ধারাবাহিকতায় শুরু হচ্ছে এই হ্যাকাথন।
শনিবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় একটি বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন প্রোগ্রাম। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় BAURES-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু হাদি নুর আলী খান, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ক্রপ বোটানির প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন (সিন্ডিকেট মেম্বার-JKKNIU), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (JKKNIU) প্রধান প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথ বিভাগের প্রধান মোহাম্মদ মুসতাগিজ বিল্লাহ্ এবং iDEAপ্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো. নুরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম জানান, সরকার তরুণদের লক্ষ্যে আইসিটি খাতের উন্নয়নে সব রকমের সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টায় এগিয়ে এসেছে। প্রত্যেকটি জেলায় যেমন হাইটেক পার্ক তৈরির প্রস্তুতি নিচ্ছে ঠিক তেমনি প্রত্যেকটি জেলায় দেশীয় স্টার্টআপদের জন্য ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা গ্রহণ করছে সরকার। হাইটেক পার্কগুলোতে যেন স্টার্টআপদের জন্য অন্তত একটি ফ্লোর ডেডিকেটেড হিসেবে থাকে—সেই লক্ষ্যেই আইসিটি বিভাগ কাজ করছে। ২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাতে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে আইসিটি ডিভিশন বেশ তত্পরতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। হ্যাকাথনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্টার্টআপ বাংলাদেশ iDEA প্রকল্পের ওয়েবসাইট www.startupbangladesh.gov.bd -এ। হ্যাকাথনে অংশগ্রহণের জন্য আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২০ (শুক্রবার)।