দ্বিতীয়বারের মতো এ বছর বাংলাদেশের একটি স্টার্টআপ সিলিকন ভ্যালিতে আয়োজিত স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এবং এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাচ্ছে। বিশ্বের সর্ববৃহত্ স্টার্টআপ প্রতিযোগিতা ‘দ্য স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ’-এ অংশ নিতে বাংলাদেশসহ বিশ্বেব্যাপী অর্ধশতাধিক আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে রবিবার রাজধানীর কাওরান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পেগাসাস টেক ভেঞ্চারের (ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল) জেনারেল পার্টনার এবং ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান।
মুজিববর্ষ উদ্যাপনের জন্য এ বছর বাংলাদেশে স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০-এ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এবং আঞ্চলিক চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এ অনুষ্ঠানের আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইপিসি) এবং পাওয়ার্ড বাই ইজেনারেশন।
যুক্তরাষ্ট্র, চীন, হংকং, সিঙ্গাপুর, ভারতসহ বেশ কয়েকটি দেশের আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকেরা এই আয়োজনে আলোচক এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যা প্রমাণ করে বাংলাদেশ একটি উদ্যোক্তা জাতি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন বাংলাদেশের স্থানীয় স্টার্টআপগুলোর প্রবৃদ্ধি হবে এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে ত্বরান্বিত করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার, ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি শাখার পরিচালক কাজী জিয়াউল হাসান, টাই ঢাকার প্রেসিডেন্ট রুবাবা দৌলা, ভিসিপিয়াবের ভাইস চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ, ভিসিপিয়াব পরিচালকন ও মাসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মাতিন ও চাল-ডালের সিওও জিয়া আশরাফ প্রমুখ।
আগ্রহী প্রতিযোগিরা স্টার্টআপ ওয়ার্ল্ডকাপের বাংলাদেশ পর্বে অংশ নিতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইন পোর্টালের (https://www.startupworldcup.io/bangladesh-regional) মাধ্যমে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সেরা স্টার্টআপগুলো স্থানীয় চূড়ান্ত প্রতিযোগিতায় পিচ করার সুযোগ পাবে, যেটি আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। বিজয়ী স্টার্টআপ সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।