বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোদাচ্ছের আলী শনিবার সকালে বাস চাপায় নিহত হয়েছেন। বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর বিক্ষুব্দ জনতা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে এবং বাসটি ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোদাচ্ছের আলী সকাল সাড়ে ১০টার দিকে ফতেপুর স্টিল ব্রিজ নিকটবর্তী জনৈক জাহিদুল ইসলাম ছোটর চায়ের দোকানের সামনে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস স্টিল ব্রিজ পার হয়ে ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান শিক্ষককে চাপা দিয়ে পরপর তিনটি চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে।
নিহত মোদাচ্ছের আলী কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের প্রয়াত খোরশেদ শেখের ছেলে। তিনি রাঢ়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
আরও পড়ুনঃ বোদায় বিরল প্রজাতির চিতা বাঘ দেখতে জনতার ভিড়
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল কবির বলেন, 'বিক্ষুব্দ জনতা রাস্তা আটকে দিলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'
ইত্তেফাক/নূহু