লামা (বান্দরবান) সংবাদদাতা
মাতামুহুরী সংরক্ষিত বনের বিভিন্ন ছড়া ও ঝিরি হতে অবৈধভাবে মূল্যবান বোল্ডার পাথর আহরণ বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে লামা বন বিভাগ। বন বিভাগের মতে, পাথর উত্তোলন বন্ধ করা না হলে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল একদিকে হুমকির মুখে পড়বে, অন্যদিকে পাহাড় ধস বৃদ্ধি পেয়ে এ অঞ্চলের বিদ্যমান একমাত্র মিঠা পানির উত্সটি মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে। এতে করে মানুষ ও বন্যপ্রাণীসহ সার্বিক পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।
আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, মাতামুহুরী সংরক্ষিত বনের বিভিন্ন ঝিরি এবং ছড়া হতে প্রায় ১০ লক্ষাধিক ঘনফুট পাথর অবৈধভাবে মজুত করা হয়েছে বলে জানা গেছে।
মাতামুহুরী সংরক্ষিত রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী জানান, মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে সরকারি দায়িত্ব পালনকালে বনকর্মীদের বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চলতি জানুয়ারি মাসের গত ১৫ দিনে দেড় লক্ষাধিক ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। অবৈধভাবে পাথর আহরণের কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য নির্মিত কয়েকটি সেড আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে দুইটি পাথর ভাঙার মেশিন। সম্প্রতি বন অপরাধীদের হামলায় পাঁচ বনকর্মী গুরুতর আহত হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, মাতামুহুরী সংরক্ষিত বনের মূল্যবান পাথর রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চেয়ে গত ৩১ ডিসেম্বর পত্র প্রেরণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে পাথর পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।