সীমান্ত এলাকায় না যাওয়ার আহ্বান প্রশাসন ও বিজিবির

নীলফামারী প্রতিনিধি

ভারতীয় সীমান্ত তারকাঁটা বেড়াসংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে চলাচল না করতে আহ্বান জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসন ও ৫৬ বিজিবি। সূত্রে জানা যায়, ভারতের সীমান্ত এলাকায় বিএসএফ-এর টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় এখন রেড অ্যালার্ট জারি রয়েছে। ফলে বিভিন্ন সীমান্তে তারকাঁটা বেড়ার কাছাকাছি কোনো মানুষ দেখলে গুলিবর্ষণ করছেন তারা। সম্প্রতি বিভিন্ন জেলায় বিএসএফ-এর গুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি প্রাণ হারান। নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশের নাগরিকদের সীমান্ত এলাকায় যেতে নিষেধ ও অবৈধ কাজ না করার জন্য এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মামুনুল হক জানান, সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক তা আমরা চাই না। তাই সীমান্ত এলাকার তারকাঁটা বেড়াসংলগ্নে কেউ  যাতে না যায় সে জন্য জোরালোভাবে প্রচারণা চালানো হচ্ছে।