গাংনীর ১৩ পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা!

আসন্ন এসএসসি পরীক্ষা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

২০২০ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রগুলো নকলমুক্ত করতে গাংনী উপজেলার ১৩টি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এবারই প্রথম পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপন করায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, গাংনী পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চেংগাড়া সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, শালদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই পদ্ধতি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা গাংনীবাসীর সেই দাবি পূরণ করেছেন। তারা আরো জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের ফলে শিক্ষকরা যেমন বিভিন্ন ঝুঁকি থেকে বাঁচবেন, তেমনি শিক্ষার্থীরাও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারবে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান জানান, পরীক্ষাকেন্দ্রগুলোতে অবাধ, নকলমুক্ত সুন্দর পরিবেশ করতে সিসিটিভির আওতায় আনা হয়েছে। আর এটাকে সফল করতে প্রায় দুই মাস আগে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।