চাচার দুই চোখ তুলে নিল দুই ভাতিজা

চকরিয়ায় ছুরিকাঘাতে চাচার দুই চোখ তুলে নিয়েছে দুই ভাতিজা। শনিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার উপকুলীয় এলাকা বদরখালী ইউনিয়নের খালকাছা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার আবদুল কাদের মুন্সী (৪০) বদরখালীর ৩নং ব্লকের টুঠিয়াখালী গ্রামের আবদুস ছোবাহানের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বড় ভাই আবদুল জলিলের সঙ্গে আবদুল কাদেরের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে আবদুল কাদের বদরখালী বাজারে যাওয়ার সময় চাচাতো ভাই জলিলের ছেলে ছোটন ও সাগর টমটম থেকে নামিয়ে অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাতে চাচা আবদুল কাদেরের দুই চোখ তুলে নেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি এসআই মং থোয়াই হ্লা চাক বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত আবদুল কাদেরকে তাৎক্ষনিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।'

আরও পড়ুনঃ মোরেলগঞ্জে বাস চাপায় শিক্ষক নিহত

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

ইত্তেফাক/নূহু