পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

পাবনা প্রতিনিধি

পাবনায় শীত জেঁকে বসেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেইসঙ্গে স্থবিরতা দেখা দিয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মে। রবিবার পর্যন্ত  দুই দিন পাবনা অঞ্চলে সূর্যের আলোর তীব্রতা নেই। সন্ধ্যার পর প্রায় জনশূন্য হয়ে পড়ছে শহর-বাজার। এদিকে শীতজনিত রোগব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছেন লোকজন। আবার অনেকে বাসায়ই ওষুধ সেবন করছেন। তবে চীনের করোনা ভাইরাস আবার এই সর্দি, জ্বর, হাঁচি-কাশির সঙ্গে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে । 

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পর্যবেক্ষক নাজমুল হোসেন তাপমাত্রা আরো কমে যেতে পারে বলে জানান। অন্যদিকে শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ইতোমধ্যে ৩৮ হাজার কম্বল জেলার শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। আরো চাওয়া হয়েছে।