বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে সাত দোকান। রবিবার সকালে পৌর শহরের বন্দর বাজারের থানাসংলগ্ন সদর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার প্রায় পৌনে এক ঘণ্টা পর দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে আয়ত্বে আনে। এ সময় ব্যবসায়ী আব্দুস ছালামের লেপের দোকান ও গোডাউন, শহিদের মোবাইল ও পার্সের দোকানসহ চারটি দোকান সম্পূর্ণ এবং তিনটি আংশিক পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শহিদের মোবাইলের দোকানে বিকট শব্দ এবং ছালামের লেপের দোকান থেকে ধোঁয়া দেখে অন্য ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বানারীপাড়ার দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।