বুন্ডেসলিগা
স্পোর্টস ডেস্ক
বায়ার্ন মিউনিখ বুন্ডেসলিগায় শালকের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে শীর্ষে থাকা রেডবুল লিপজিগের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে। ফলে দিনটিকে সফল হিসেবেই দেখলেন দলটির কোচ হ্যানসি ফ্লিক। শনিবার রাতে দিনের শুরুর ম্যাচে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে লিপজিগ ২-০ গোলে হারে। ফলে বায়ার্নের সামনে আসে পয়েন্ট ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ। রবার্ট লেভান্ডোভস্কি, থমাস মুলার, থিয়াগো আলকান্তারা, লিওন গোরেত্স্কা, সের্জ নাব্রির লক্ষ্যভেদে কাজটা দারুণভাবেই সারে ফ্লিকের শিষ্যরা। এর ফলে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট অর্জন করেছে দলটি। শীর্ষে থাকা লিপজিগের সংগ্রহ সমান ম্যাচে ৪০ পয়েন্ট।
ম্যাচের পর কোচের প্রতিক্রিয়া, ‘এটা দারুণ ছিল। চলতি বছরের প্রথম ম্যাচে গ্লাডবাখের বিপক্ষে ভালো খেলেছিল শালকে। কিন্তু আমরা এখানে নিজেদের মাঠে খেলছিলাম এবং নিজেদের খেলা ও দর্শনটা ধরে রাখতে চেয়েছিলাম। আমরা শুরুতেই তাদের ধসিয়ে দিতে চেয়েছিলাম। প্রচণ্ড তীব্রতা নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম। আমরা সেটা দারুণভাবে পেরেছি।’ এ জয় লিগজয়ের ক্ষেত্রেও দলকে দারুণ উদ্বুদ্ধ করবে, অভিমত জার্মান এই কোচের। তিনি বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট। এটা আমাদের আরো আত্মবিশ্বাসী করে তুলবে। আজকের দিনটা অবশ্যই আমাদের জন্যে একটা সফল দিনই ছিল।’
ফরোয়ার্ড থমাস মুলারের মতে, লিপজিগের হারই দলকে অনুপ্রেরণা দিয়েছিল, ‘লিপজিগের ফলাফল দেখার পর আমার মনে হয় আমাদের আত্মবিশ্বাস কিছুটা বেড়ে গিয়েছিল। সাধারণত এটা শতভাগ থাকে কিন্তু আজ এটা সম্ভবত দুই-তিন ভাগ বেশি ছিল।’