সাড়ে চার মাস স্থিতিশীল ছিল সোনার দাম। অলঙ্কার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহূত এ ধাতুর দাম আজ রবিবার থেকে প্রতিভরি সোনা এক হাজার ১৬৬ টাকা বাড়ছে। তবে সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত থাকছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে গতকাল নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। এর আগে আগস্ট মাসের ৬ তারিখ থেকে সোনার দাম কমেছিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৮ টাকা দরে। গতকাল রবিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। অর্থাত্ প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বেড়েছে। ২১ ক্যারেটের ও ১৮ ক্যারেটের সোনার ভরিতেও একই পরিমাণে দাম বেড়েছে। আজ রবিবার থেকে পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৫ হাজার ১৯৮ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ২৯০টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৪০ হাজার ১২৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকায় অপরিবর্তিত আছে। এদিকে রূপার দামও অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।