দুই আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১
বিশেষ প্রতিনিধি
আসন্ন ঢাকা সিটি করপোরেশন (উত্তর-দক্ষিণ) নির্বাচনকে ঘিরে ক্যাডাররা সক্রিয় হয়ে উঠছে। নির্বাচনের দিন যত কাছে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। অপরদিকে গত এক সপ্তাহে রাজধানীতে বেশ কিছু ছোটো অস্ত্র কেনা-বেচা হয়েছে। এমনই তথ্য দিয়েছে অবৈধ অস্ত্র কারবারি আশিকুর রহমান। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের একটি টিম শনিবার সন্ধ্যায় তাকে লালবাগ এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় তিন রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল এবং চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল। এ ঘটনায় লালবাগ থানায় মামলা হয়েছে। ডিবি পুলিশ তাকে গতকাল রবিবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছে।
অভিযান পরিচালনাকারী গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ জানান, আশিকুর রহমান আজাদের গ্রামের বাড়ি যশোর জেলায়। সে একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ঢাকা ও সীমান্ত এলাকার বিভিন্ন থানায় অস্ত্র, দ্রুত বিচার, মাদকদ্রব্য এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একাধিক মামলা রয়েছে। একাধিকার সে জেল খেটেছে। আসন্ন ঢাকা সিটি করপোরেশন উপলক্ষ্যে সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় আসে। কিন্তু সন্ত্রাসীদের হাতে পৌঁছার আগেই আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
এ গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে আশিকুর রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। জানিয়েছে অস্ত্র ও গুলির উত্স। এছাড়া ঢাকায় কারা কারা অস্ত্র কেনার সঙ্গে জড়িত তাদের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে। প্রাপ্ততথ্য মত্যে এসব অপরাধীকে গ্রেফতারে ডিবি পুলিশ অভিযান শুরু করেছে।
অপর দিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেছেন, এ অস্ত্রগুলো আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে এলাকায় প্রভাব বিস্তার এবং সহিসংতার জন্য আনা হয়েছিল। তবে আমরা তত্পর রয়েছি, যেন নির্বাচন উপলক্ষ্যে কেউ সহিংসতা না করতে পারে। ঢাকার বাইরের সন্ত্রাসীরা ঢাকায় আসার বিষয়েও আমরা সচেষ্ট রয়েছি।