সুপ্রিম কোর্টে ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

জাতির পিতার জন্মশতবার্ষিকী

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে সুপ্রিম কোর্টে স্থাপন করা হয়েছে ক্ষণগণনার ঘড়ি। সুপ্রিম কোর্টের মূল ভবনের ওপরে ডিজিটাল এ ঘড়ি স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে সুইচ টিপে এই ঘড়ি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় মুজিববর্ষ উদ্যাপনের লক্ষ্যে গঠিত জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃঞ্চা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই মুজিববর্ষ পালন করবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর স্মরণিকা প্রকাশ, গবেষণামূলক নিবন্ধসহ নানা সেমিনারের আয়োজন করা হবে। বৈঠকে আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে জন্মবার্ষিকী উদ্যাপন শুরু হবে।