হাইকোর্টের দেওয়া বেতন স্কেলের রায় বাস্তবায়নের দাবি গ্রাম পুলিশের

ইত্তেফাক রিপোর্ট   

বাংলাদেশ গ্রাম পুলিশের চতুর্থ শ্রেণির জাতীয় সমমর্যাদার দফাদার ১৯তম ও মহল্লাদার ২০তম গ্রেডে বেতন স্কেলের যে রায় হাইকোর্ট দিয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেছেন তারা। গত বছরের ১৫ ও ১৭ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের রায় প্রকাশ হয়। গতকাল রবিবার সকালে জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐ দাবি জানান বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আপিল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি।

সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক এসএম জিয়াউল হক, কোষাধ্যক্ষ মোসলেম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সোনিয়া আক্তার, রেজাউল ইসলামসহ অন্যরা। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি লাল মিয়া জানান, দুই বছর আগে ৪৬ হাজার গ্রাম পুলিশ সদস্যের পক্ষে তিনি ও বিভিন্ন জেলার ৩৫৫ জন গ্রাম পুলিশ সদস্য হাইকোর্টে চতুর্থ শ্রেণির এক দফা জাতীয়করণের দাবি জানিয়ে রিট পিটিশন মামলা দায়ের করেন। ঐ মামলায় ২০১৯ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর হাইকোর্ট দফাদার ১৯তম গ্রেড ও মহল্লাদার ২০তম গ্রেডের বেতন স্কেলের রায় প্রদান করেন। এই রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।