বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিজ্ঞতা নিয়ে পাকিস্তান সফরে দল ইতিবাচক কিছু করার আশাই করেছিল। কিন্তু এখন পর্যন্ত সে আশার কোনো প্রতিফলন মাঠে দেখা যায়নি। প্রথম দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সব বিভাগেই খারাপ পারফরম্যান্স করে হেরেছে বাংলাদেশ। এ অবস্থায় আজ শেষ ম্যাচে হেরে গেলেও পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হবে মাহমুদউল্লাহর দল। আজ লাহোরে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচের পর আজ রাতেই বিশেষ বিমানে দেশে ফিরে আসার কথা বাংলাদেশ দলের। উল্লেখ্য, এই সিরিজের জন্য আরো দুই দফা পাকিস্তান সফর করবে বাংলাদেশ।
৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর তৃতীয় দফায় করাচিতে যাবে বাংলাদেশ দল। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে একটি ওয়ানডে এবং ৫ থেকে ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
তার আগে বাংলাদেশের জন্য দুঃসহ হয়ে উঠেছে চলতি টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সব বিভাগেই সমস্যা ছিল। টপ অর্ডার লম্বা সময় উইকেটে কাটালেও পাওয়ার-প্লে কাজে লাগাতে পারেননি তারা। এর পরের ব্যাটসম্যানরা এসেও ঝড় তুলতে পারেননি। শুরুতেই শফিউল ইসলাম উইকেট পেলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বোলাররা। মুস্তাফিজুর রহমান ছিলেন খুবই নিষ্প্রভ। এ ছাড়া ফিল্ডাররা নিয়মিত ক্যাচ ফেলেছেন।