গোপীবাগের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে ইসি

রাজধানীর গোপীবাগে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। রবিবার দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনি প্রচারের সময় নৌকা ও ধানের শিষ সমর্থকদের মধ্যে রবিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের  বেশ কয়েকজন হতাহত হন।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, তাবিথের ওপর হামলার তদন্ত প্রতিবেদন বিষয়ে পুলিশ তদন্ত প্রতিবেদনে বলেছে দুই গ্রুপ পুলিশকে না জানিয়ে সেখানে গিয়েছে। দুই গ্রুপ মুখোমুখি হওয়ায় ধাক্কাধাক্কি হয়েছে, তাদের জানালে এমনটা হতো না। আমি বলেছি কমিশনকে দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য।

কমিশনের সভায় সিটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি ছিল না, বিষয়টি সামনে আনলে ইসি সচিব বলেন, ইসি সচিবালয় শুধু আদেশ পালন করে। কমিশনাররা যা বলে সেটি নথিতে দেওয়া হয়। পরে সিইসি অনুমোদন দিলে সেটি বাস্তবায়ন করা হয়, সম্পূর্ণ বিষয়টি কমিশনের। কী আলোচনা হবে, আর কী হবে না সেটি কমিশনের সিদ্ধান্ত।