কাউন্সিলর মিজানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জানায়, ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে পাগলা মিজানের বিরুদ্ধে গত ৬ নভেম্বর দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় মিজানের বিরুদ্ধে ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন অভিযোগ আনা হয়েছে। মামলার এজহারে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান (পাগলা মিজান) অসত্ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহারর্পূবক বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবরসহ সর্বমোট ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার অবৈধ সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করেন।