জি কে শামীমের সঙ্গে সংশ্লিষ্টতা

আবাসন ব্যবসায়ী মোস্তাহিদুর রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ

গ্রেফতারকৃত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেডের এমডি শেখ মোস্তাহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য দুদক গত ১৯ জানুয়ারি মোস্তাহিদুর রহমানকে তলব করে নোটিশ পাঠায়।

ঐ নোটিশে বলা হয়, জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড়ো বড়ো ঠিকাদারি কাজ নেওয়ার অভিযোগ রয়েছে। অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের জন্য আপনার বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।