নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ চেকপোস্টের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে খুন হয় সাগর (৩০) নামের কাভার্ডভ্যানের হেলপার। গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের আষাঢ়িয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। আহত হয় কাভার্ডভ্যান চালক। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে নিহতের বড়ো ভাই বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আরএফএল কোম্পানির প্লাস্টিক ভর্তি একটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো-উ-১২-০১১৪) গত শনিবার রাতে নরসিংদীর ঘোড়াশাল যাচ্ছিল। পথে রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আষাঢ়িয়ার চর এলাকায় পুলিশ চেকপোস্ট অতিক্রমকালে কাভার্ডভ্যানের চালক ও হেলপার প্রকৃতির ডাকে সাড়া দিতে কাভার্ডভ্যান রাস্তার পাশে থামায়। তারা প্রকৃতির ডাকের কাজ শেষে কাভার্ডভ্যানে ওঠার সময় পাঁচ-ছয় জন ছিনতাইকারীর দল তাদের আটকিয়ে প্রথমে চালক মো. হোসেন আলীকে গলায় ও পেটে ছুরি ধরে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। পরে হেলপার সাগরের কাছ থেকে মোবাইল সেট ও নগদ টাকা নিতে চাইলে সে বাধা দেয়। এসময় সাগরের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা হেলপার সাগরের পেটে, বুকের বাম পাশেসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। ছুরিকাঘাতে তার পেটের ভুড়ির কিছু অংশ বেরিয়ে যায়। ছিনতাইকারীর কবলে পড়া হেলপার ও চালকের আত্মচিত্কারে এলাকাবাসী ছুটে আসলে ছিনতাইকারী দল পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত হেলপার ও চালককে উদ্ধার করে স্থানীয় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকরা হেলপার সাগরকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় চালক হোসেন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। সোনারগাঁও থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত হেলপার সাগর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এ ঘটনায় নিহত হেলপারের বড়ো ভাই আসাদুল ইসলাম বাদী হয়ে রবিবার দুপুরে সোনারগাঁও থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. শরীফ জানান, নিহত হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে।