অপহরণের তিন দিন পর মামা-ভাগনে উদ্ধার, গ্রেফতার ৮

আইনজীবীর কাছ থেকে আইনি সেবা নিয়ে আবার তার সন্তানকেই অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে একটি পেশাদার অপহরণকারী চক্র। এমনই এক চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের হেফাজত থেকে আইনজীবীর ছেলে দিবস ও শ্যালক ধ্রুবকে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা হলো—ফখর উদ্দিন (২৪), মাহমুদুর রহমান রাসেল (৩২), রশিদুজ্জামান ওরফে তুষার (৩৪), শফিকুল ইসলাম, এইচ এম মশিউর রহমান ওরফে পাপ্পু (৩৪), ইমতিয়াজ আহমেদ (৩০), আরিফুল ইসলাম নিশান (৩০) ও আব্দুল্লাহ আল নোমান (২৫)। গত শনিবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা, মতিঝিল ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহূত একটি প্রাইভেটকার, তিনটি মোটরসাইকেল, ম্যাগাজিনসহ একটি পিস্তল, পাঁচটি ডিবি পুলিশের জ্যাকেট, পুলিশ সার্জেন্টের র্যাঙ্ক ব্যাজসহ একটি শার্ট ও পুলিশ কনস্টেবলের একটি শার্ট, সাতটি স্টিলের লাঠি, তিনটি কালো রংয়ের ছোটো-বড়ো ওয়্যারলেস সেট, চারটি পিস্তল সদৃশ লাইটার, পাঁচটি সিরিঞ্জ, ২০টি ইনজেকশন, একসেট সেনাবাহিনীর পোশাক তৈরির থান কাপড়, ১৫টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন এবং ১টি আইপ্যাড উদ্ধার করা হয়।

অতিরিক্ত কমিশনার জানান, ২১ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় তানজিম আল ইসলাম দিবস (১৭) ও মো. খালিদ হাসান ধ্রুব (১৯)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। দিবস কুড়িগ্রাম জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল ইসলামের ছেলে আর ধ্রুব তার শ্যালক। দিবস ধানমন্ডির ভার্টিক্যাল হরিজন স্কুলের এ লেভেলের শিক্ষার্থী আর ধ্রুব ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

আবদুল বাতেন বলেন, অপহূত দুজন আগারগাঁওয়ের আইডিবি ভবনে ল্যাপটপ কিনতে বেরিয়েছিলেন। অপহরণের একদিন পর ২২ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে অপরিচিত এক ব্যক্তি দিবসের মাকে কল করে জানায়— দিবস ও তার মামা ধ্রুবকে অপহরণ করা হয়েছে। অপহরণকারী চক্রের সদস্যরা ‘নৌকা কোড’ ব্যবহার করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং ২৪ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে মুক্তিপণের টাকা পরিশোধ না করলে হত্যার হুমকি দেয়। ঘটনার পর ২২ জানুয়ারি দিবসের বাবা মোহাম্মদপুর থানায় মামলা করলে পুলিশের পাশাপাশি ডিবি পশ্চিম বিভাগ অপহরণকারীদের গ্রেফতারে মাঠে নামে। পরে শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি জানিয়েছে, অপহূত দিবসের বাবা ফখরুল ইসলাম ছিলেন অপহরণকারীদের পক্ষের আইনজীবী। তারা দীর্ঘদিন ধরে তার কাছ থেকে আদালতে আইনি সেবা নিয়ে আসছিলেন। সে সুবাদে ভুক্তভোগীদের পরিবার সম্পর্কে বিস্তারিত ধারণা ছিল। এই সুযোগটি কাজে লাগিয়ে তারা দুজনকে অপহরণের পরিকল্পনা করে। ডিবি আরো জানায়, গ্রেফতারকৃতরা পেশাজীবী অপহরণকারী। এই দলের মাস্টারমাইন্ড হলো পাপ্পু। এর আগেও তারা অপহরণের মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছিল।