রাজধানীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গ্রেফতারকৃত দুই জন হলেন—কবির আহমেদ (৪০) ও এমরান (২৮)। এ সময় ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে। গত রবিবার দুপুরে আফতাবনগরে দুই নম্বর রোডের ৪০ নম্বর বাসায় র্যাব-৩ এর একটি দল এ অভিযান চালায়।
র্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের সন্ধান পেয়ে আফতাবনগরে বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসাটি থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ঐ বাসা থেকে মিয়ানমারের ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসাটি থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধনের কপি, জন্ম নিবন্ধনের ফরম ও পাসপোর্টের ফরম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১৩ নারীকে বিদেশে পাচারের জন্য ঢাকায় আনা হয়েছিল।