মামলাবাজ সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে চায় ভুক্তভোগী পরিবারগুলো। এ লক্ষ্যে তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল রবিবার কয়েকটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচির পাশাপাশি তারা প্রধান বিচারপতির বরাবর একটি চিঠি দেন।
ঐ চিঠিতে বলা হয়েছে, যারা মামলা করছেন তাদের চেনে না ভুক্তভোগী পরিবারগুলো। আবার সাজানো বাদীরাও চেনে না কথিত আসামিদের। এর পেছনে বড়ো একটি চক্র কাজ করছে। এ চক্রের মূল উদ্দেশ্য হলো মানবপাচারসহ অন্যান্য মামলার জালে সমাজের নিরীহ ব্যক্তিদের ফাঁসিয়ে তাদের সহায়-সম্পদ ও ভিটেমাটি লুটে নেওয়া। সময় যত যাবে ভুক্তভোগীর সংখ্যা তত বাড়তে থাকবে। চিঠিতে আরো বলা হয়, একটি মামলায় জামিন হলে সাজানো পুরোনো আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এরা শুধু মামলা দিয়েই থেমে থাকে না, ভুয়া ওয়ারেন্ট দিয়েও স্বজনদের এক কারাগার থেকে আরেক কারাগারে ঘুরায়। যদিও ঐসব ভুয়া ওয়ারেন্টের কোনো অস্তিত্ব নেই। চিঠিতে বলা হয়েছে, আমাদের চাওয়া স্বজনদের বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে সেই বিষয়ে একটি তদন্ত কমিশন /বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ন্যায়বিচার করুন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন আলাউদ্দিন, মো. সৈয়দ, মাসুদ রানা, জয়নাল হোসেন, মলি হোসেন, পারভীন বেগম প্রমুখ। অংশগ্রহণকারীরা বলেন, মামলাবাজ সিন্ডিকেটকে লাখ লাখ টাকা দিয়েও আমাদের মুক্তি মেলেনি। এই চক্র নিম্ন আদালতগুলোতে বেশি সক্রিয়। এই চক্র থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন তারা।