যশোরের চৌগাছায় ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে এক গৃহবধূর (২৮) মাথার চুল কেটে দিয়েছে এলাকার প্রভাবশালী লোকজন। এই ঘটনায় রবিবার সন্ধ্যায় জড়িত ৯ জনের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়েছে। ভিকটিম গৃহবধূর স্বামী চৌগাছার সলুয়া পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলাম লিখিত অভিযোগ দেন। এই মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া পূর্বপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৪৫), ইমরান হোসেন (২৩), মোহাম্মদ আলীর স্ত্রী আজুফা বেগম (৪০), হাসানের স্ত্রী শিউলী বেগম (২৬), সালামের স্ত্রী রেহেনা (৪০), সিরাজুলের স্ত্রী বিউটি বেগম (৪২) ও জামাল হোসেনের স্ত্রী শাপলা বেগম (৩৫)। অপর দুই আসামি সিরাজুলের ছেলে মিরাজ (২৭) ও মোহাম্মদ আলীর আরেক ছেলে জামাল হোসেন পলাতক রয়েছেন।