‘বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র থেকে পোলিং এজেন্টদের সতর্ক থাকতে হবে’

বাংলার ইতিহাসের চার বিশ্বাসঘাতকের প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেকে পোলিং এজেন্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। শনিবার সকালে ঈশ্বরদীর আওয়ামী লীগ কার্যালয়ে নৌকা প্রতীকের পুলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইতিহাসের চার বিশ্বাসঘাতক মীরজাফর আলী খাঁ, গোলাম আযম, খোন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান। এদের প্রেতাত্মাদের সাথে সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছে আদর্শহীন ও নীতিভ্রষ্ঠ কয়েকজন। ৩০ শে ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে পাকিস্তানি আইএসআই এর মদদপুষ্ট হয়ে এই প্রেতাত্মারা নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নৌকার গণজোয়ার বাঁধাগ্রস্ত করতে এই বিশ্বাসঘাতকরা নির্বাচন বানচালের প্রচেষ্টা করতে পারে। স্বাধীনতাবিরোধী অসাম্প্রদায়িক অপশক্তি ভোট কেন্দ্রে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য সকল পুলিং এজেন্টকে সতর্ক থাকতে হবে।’

আরো পড়ুন: রংপুর-৫: নৌকা-লাঙ্গলের প্রার্থী মাঠে, ধানের শীষের প্রার্থী আদালতে

ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না, মোহাম্মদ রশীদুল্লাহ, আকরাম হোসেন, পৌর সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, আইন বিষয়ক সম্পাদক ও অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা প্রমুখ।

ইত্তেফাক বিএএফ