ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৬ বছরের এক কিশোরসহ গাজায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবারের সাপ্তাহিক বিক্ষোভের সময় গাজা উপত্যকায় তাদের গুলি করে হত্যা করা হয়।
বিক্ষোভে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৬ বছরের কিশোর মোহাম্মদ আল-জাহজুহ নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কোদরা বলেন, ইসরাইলি সেনাদের ছোড়া একটি গুলি তার গলায় বিদ্ধ হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভে আহত আরো দুই প্রতিবাদকারী পরে নিহত হন। এছাড়া আহত হয়েছেন চার চিকিত্সাকর্মী। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা আভিযানের নিয়ম মেনে গুলি চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনিদের এক বিক্ষোভে গুলি করে ১৭ বছরের কিশোর কাসেম আল-আবাসিকে হত্যা করে ইসরাইলি সেনারা।
গাজা-ইসরাইল সীমান্তে চলতি বছরের মার্চ মাসে শুরু হওয়া ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচির অংশ হিসেবে প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। ইসরাইলের কয়েক দশকের দখলদারিত্বের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়েছিল। এই শুক্রবার নিহতদের শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালন করা হয়।