বি. চৌধুরীর দাবিই মেনে নিল ইসি!

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের তফসিল পরিবর্তন করার ক্ষেত্রে বিকল্পধারার প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দাবিই মেনে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর করার দাবি জানান বি. চৌধুরী। গতকাল সোমবার ইসি ঘোষিত পরিবর্তিত তারিখ অনুযায়ী ভোট গ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

ভোট গ্রহণের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর করায় সিইসি কে এম নুরুল হুদাকে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক বি. চৌধুরী। গতকাল গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সিইসিসহ অন্য কমিশনারদের ধন্যবাদ জানিয়ে বি. চৌধুরী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার আমাদের প্রস্তাব গ্রহণ করায় আমরা খুশি হয়েছি।’

অন্য কারও দাবি না মেনে কেবলমাত্র বি. চৌধুরীর প্রস্তাবকৃত তারিখই ইসি মেনে নেওয়ার ঘটনায় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে নানারকম মন্তব্য করেন। মন্তব্যকারীদের বেশিরভাগই লিখেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ভোটের তারিখ এক মাস পেছানোর দাবি জানালেও ইসি তা আমলে নেয়নি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সংলাপ চলাকালেই ঐক্যফ্রন্টসহ কেউ কেউ সংলাপের ফলাফল না আসা পর্যন্ত তফসিল ঘোষণা না করতে ইসিকে চিঠি দিয়ে দাবি জানায়। তখন যুক্তফ্রন্ট ইসির সঙ্গে বৈঠক করে কোনো অবস্থাতেই কিংবা কারও চাপে তফসিল ঘোষণার তারিখ না পেছানোর দাবি জানায়। যুক্তফ্রন্টের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, কোনো অবস্থাতেই নির্বাচন পেছানো যাবে না, নির্বাচন পেছানো হলে দেশে সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দেবে।

এদিকে, গতকাল বিকল্পধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার থেকে বিকল্পধারার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। আগামী ২২ ও ২৩ নভেম্বর মনোনয়ন প্রার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে।