ইত্তেফাক রিপোর্ট
টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে আবারও মূল্যসূচকের পতন হয়েছে। গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। সেইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
গতকাল দিনের লেনদেনের শুরু থেকেই শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেনের শেষ পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকে। ফলে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৫৫টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের।
বেশির ভাগ প্রতিষ্ঠানের এ দরপতনের ফলে গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৩ পয়েন্টে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৪১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচকের পতনের পাশাপাশি গতকাল সোমবার ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। এ বাজারে লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৫৮ লাখ টাকা। যেখানে আগের দিন রবিবার লেনদেন হয়েছিল ৪৭৪ কোটি ১৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬৯ কোটি ৫৬ লাখ টাকা।
গতকাল টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে লাফার্জ হোলসিমের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ টাকার। ১২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্লস। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে—ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এসকে ট্রিমস, এসএস স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, নিউ লাইন ক্লোথিং, এডিএন টেলিকম এবং খুলনা পাওয়ার কোম্পানি।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৬ পয়েন্টে। এ বাজারে গতকাল লেনদেন হয়েছে ১২ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।