রয়টার্স
সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে ইসলামিক স্টেট বিরোধী যুদ্ধের দায়িত্ব নেবে তুরস্ক। শুক্রবার একথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
গত সপ্তাহে আকস্মিকভাবে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচকরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে সিরিয়া সংকটের কূটনৈতিক সমাধান আরো কঠিন হয়ে পড়বে।
সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দেয়ায় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আসছে তুরস্ক। স্বায়ত্তশাসনের জন্য লড়াইরত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে বিবেচনা করে তুরস্ক। ইস্তাম্বুলে এক ভাষণে এরদোগান বলেন, ইসলামিক স্টেট ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সিরিয়ায় অভিযান চালাবে তুরস্ক।
ফ্রান্স এবং জার্মানি বলেছে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার আইএস বিরোধী যুদ্ধের ক্ষতি করবে। সিরিয়ার কিছু এলাকায় কোণঠাসা অবস্থায় এখনও আইএস জঙ্গিরা রয়েছে। অন্যদিকে কুর্দি যোদ্ধারা বলেছে তুরস্কের আক্রমণের কারণে তারা আইএস বিরোধী যুদ্ধ থেকে দৃষ্টি সরাতে বাধ্য হবে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা বলছেন ইরাকে বিশেষ বাহিনী রাখতে পারে যুক্তরাষ্ট্র যারা প্রয়োজনে সিরিয়ায় অভিযান চালাবে ।
গত শুক্রবার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর ওপর হামলা চালায় আইএস। এরদোগান বলেন, আমরা সিরিয়া থেকে আইএসকে উপড়ে ফেলার পরিকল্পনা তৈরি করছি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এ ব্যাপারে আলোচনা করছি।