স্পোর্টস ডেস্ক
বয়স মোটে ৪১। বাস্কেটবল কোর্ট থেকে বছর তিনেক আগে বিদায় নেয়া কোবি ব্রায়ান্টের জন্য সময়টা ছিল বাইরের জীবন উপভোগ করার। অকাল মৃত্যু সে সুযোগটা কেড়ে নিয়েছে লস এঞ্জেলস লেকার্স কিংবদন্তির কাছ থেকে। অকাল-প্রয়াণের পর তাই দুনিয়াজোড়া অগুনতি ভক্ত-সমর্থকের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।
কোবির বাস্কেটবল কোর্টে উপস্থিতি যেমন অনুকরণীয় ছিল, কোর্টের বাইরেও কর্মকাণ্ড ছিল সমান প্রেরণাদায়ী। নম্রতা আর উদারতার জন্য খ্যাত সাবেক এই বাস্কেটবল তারকা সম্প্রতি বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে মহত্ উদ্যোগে শামিল হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন জনহিতকর কাজে তার উপস্থিতিই খ্যাতির শীর্ষে উঠিয়ে এনেছিল তাকে।
বাস্কেটবল-জগত্ তো বটেই, তার অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে ক্রীড়াবিশ্বকেও। এনবিএ কিংবদন্তি কারিম আব্দুল জাব্বার, মাইকেল জর্ডান কিংবা হালের লেবরন জেমস, তার মৃত্যুতে বিহ্বল সবাই। কারিম বলেন, ‘আমি যা অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। কোবি পুরো একটা প্রজন্মকে অনুপ্রেরণা দিয়েছে। এ ক্ষতি পরিমাপ করা সম্ভব নয়।’ জর্ডানের ভাষ্য, ‘আমি কোবেকে ভালোবাসতাম। আমার ছোটো ভাইয়ের মতো ছিল সে। তার সঙ্গে প্রায়ই কথা হতো আমার। এ কথাগুলো ফিরে পাবো না আর।’
কোবেকে সরিয়ে গেল শনিবারই এনবিএ ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোরার বনে যান লেবরন জেমস। এর একদিন পরই পেলেন তার মৃত্যু সংবাদ। লস এঞ্জেলস লেকার্স খেলোয়াড় লেবরন বলেন, ‘সে এ যাবত্কালের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন, লেকার্সের সর্বকালের সেরা। তার সঙ্গে কথা বলতে পেরেছি কোনো একদিন, তাতেই নিজেকে ধন্য মনে করছি।’
জীবদ্দশায় বার্সেলোনায় গিয়ে লিওনেল মেসি-আন্দ্রেস ইনিয়েস্তাদের সঙ্গে দেখা করে এসেছিলেন কোবি। বিদায়বেলায় সে স্মৃতিই রোমন্থন করেন মেসি, ‘ভাষা হারিয়ে ফেলেছি। কোবির পরিবার আর বন্ধুদের প্রতি আমার ভালোবাসা রইল। কোবি, আপনার সঙ্গে দেখা করা এবং ভালো মুহূর্ত কাটানোটা আনন্দের ব্যাপার ছিল। আপনার মতো প্রতিভা খুব কম মানুষেরই আছে।’ ক্রিশ্চিয়ানো রোনালদোও কোবির মৃত্যুতে হতবাক। জানালেন, সত্যিকারের কিংবদন্তি অনেককেই অনুপ্রেরণা দিয়ে গেছেন জীবদ্দশায়।
ক্রিকেট জগত্ও বাস্কেটবল কিংবদন্তিকে সিক্ত করেছে ভালোবাসায়। ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, মাহেলা জয়াবর্ধনে থেকে শুরু করে হালের সাকিব আল হাসান, বিরাট কোহলী, জশপ্রিত বুমরাহ, জফরা আর্চার; সবাই তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন একবাক্যে।