স্পোর্টস ডেস্ক
কোচ জিনেদিন জিদান জানিয়েছেন তার দল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চাইতে তিন পয়েন্টে এগিয়ে গেলেও লা লিগায় এখনো অনেক পথ বাকি।
রিয়াল মাদ্রিদ গত রবিবার রাতে রিয়াল ভায়াদোলিদের মাঠে জিতে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান গড়ে নেয়। বার্সেলোনা আগের দিন ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলে হারায় এই সুবিধা হয় জিদানের দলের। সমান ২১ খেলা শেষে রিয়াল ও বার্সা বর্তমানে ৪৬ ও ৪৩ পয়েন্টে আছে।
ডিফেন্ডার নাচো ফার্নান্দেজের একমাত্র গোলে জয়ী হয় রিয়াল। দুই বছরের মধ্যে এটি তার প্রথম গোল। অবশ্য তার আগে হেডে জালে বল পাঠিয়েছিলেন ক্যাসেমিরো। কিন্তু ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) অফসাইড বলে তা বাতিল করে দেয়।
পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা ভায়াদোলিদও শেষদিকে একবার জালে বল পাঠিয়েছিল। কিন্তু সার্জিও গার্দিওলার প্রয়াসটি অফসাইড ঘোষিত হয়। কোচ জিদান খেলা শেষে বলেন, ‘এটা তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টের ব্যাপার। এর বেশি কিছু নয়। লিগে আরো অনেক খেলা আছে এবং প্রতিটি দলের জন্যই সামনে কঠিন পরিস্থিতি। আমাদের জন্যও তাই।’
জিদান আরো বলেন, ‘ফল নিয়ে আমরা সন্তুষ্ট। এটা ছিল কঠিন এক লড়াই এবং রক্ষণাত্মক দিক বিচারে আমরা বেশ নিখুঁত একটা ম্যাচ খেলেছি। দ্বিতীয়ার্ধ্বে আমরা ছিলাম শ্রেয়তর। আমরা এমন এক জায়গা থেকে এমন এক বিপক্ষের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলাম যারা আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিল।’
পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা প্রসঙ্গে তার মত, ‘এতে কিছুই বদলায়নি। আমরা জয় নিয়ে আনন্দিত। বিশেষ করে কঠিন পরিশ্রম ও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার জন্য। এখনো ১৭টি খেলা বাকি এবং আমরা যদি কিছু চাই তাহলে আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আজ আমরা শীর্ষে এবং আমাদের শেষতক লড়তে হবে। লা লিগায় এখনো অনেক পথ বাকি।’