বঙ্গবন্ধু কাপ ফুটবল নিয়ে কোচিং স্টাফদের রিপোর্ট
স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পর্ব শেষ। এখন কোচ ইংলিশ জেমি ডে এবং তার কোচিং স্টাফ ছুটিতে যাচ্ছে। যাওয়ার আগে বাফুফের সঙ্গে জেমি কথা বলে যাচ্ছেন। কারণ মার্চে বিশ্বকাপ ফুটবল বাছাই খেলা রয়েছে। ২৬ মার্চ ঢাকায় আফগানিস্তান এবং ৩১ মার্চ দোহায় কাতারের বিপক্ষে বাংলাদেশের খেলা। এরই মধ্যে ই গ্রুপ পর্বের এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। দুটিতেই হেরেছে। জেমি ডে দুই আজ কালের মধ্যেই ঢাকা ছাড়বেন। তার ভিসা জটিলতা রয়েছে। নতুন করে ভিসা নিতে হবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ভিসার প্রক্রিয়াটা শেষ করতে ১০/১২ দিন সময় লাগবে। ঢাকায় ফিরলে জেমিও প্রিমিয়ার লিগের খেলা দেখবেন।’ তিনি জানিয়েছেন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল নিয়ে কোচ জেমি এবং তার কোচিং স্টাফদের পক্ষ থেকে তিনটি পৃথক রিপোর্ট হাতে এসেছে। তারা সেখানে জাতীয় দল সম্পর্কে নানা কথা উল্লেখ করেছেন। করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।
কাতার এবং আফগানিস্তান ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে না। কারণ ম্যাচ দুটি খুব কম সময়ের মধ্যেই হবে। তবে ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে প্রিমিয়ার লিগের খেলা চলবে। খেলোয়াড়রা অনুশীলনের মধ্যেই থাকবেন। তাছাড়া জাতীয় দলের বেশির ভাগ ফুটবলারই বসুন্ধরা নয়তো আবাহনীর। এই দুটি দল শুধু প্রিমিয়ার লিগের খেলা নিয়েই ব্যস্ত থাকবে না, সঙ্গে তাদের এএফসি কাপেরও খেলা রয়েছে। সেখানে আবাহনী ও বসুন্ধরা এএফসি কাপের খেলা নিয়েও মাথা ঘামাবে। আবাহনী প্রিলিমিনারী পর্বে খেলবে। আর বসুন্ধরা সরাসরি গ্রুপ পর্বে খেলবে। ২৬ মার্চের আগে দুই দলের খেলা থাকবে। এরপরই জাতীয় দলের ক্যাম্প। আবু নাঈম সোহাগ জানিয়েছেন ১০ দিনের একটা ক্যাম্প হবে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আগে কোনোভাবেই বিদেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলা যাবে কিংবা বিদেশি দলকে ঢাকায় এনেও ম্যাচ খেলানো সম্ভব না।’ সোহাগ একটা সম্ভাবনার ইঙ্গিত দিয়ে বলেছেন কাতারে যাওয়ার আগে একটা ম্যাচ হতে পারে সেটির সম্ভাবনা ক্ষীণ। কারণ ৩১ মার্চের আগে হাতে থাকবে চার দিন। মনে হয় না প্রস্তুতি ম্যাচ হবে। তবে এখন সবকিছুই খসড়া পরিকল্পনা। নির্ভর করছে ন্যাশনাল টিম ম্যানেজম্যান্ট কমিটির ওপর।