নির্মাণের এক বছরের মাথায় ব্যাপক ধস

লামা-রূপসীপাড়া সড়ক

মুহাম্মদ কামালুদ্দিন, লামা (বান্দরবান) সংবাদদাতা

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার লামা-রূপসীপাড়া সড়ক এইচ বি বি করণের এক বছরের মাথায় সড়কের বিভিন্ন অংশে ধসের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এশীয় উন্নয়ন ব্যাংক ও জিওবির অর্থায়নে ২ কোটি ২৩ লাখ টাকা খরচে সড়কের উন্নয়ন করা হয়। গত ২০১৬ সালের ২৩ ডিসেম্বর এই সড়কের নির্মাণকাজ শুরু হয়। ২০১৮ সালের ২০ ডিসেম্বর নির্মাণকাজ শেষ হয়।

কলার ঝিরি মংপ্রুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হানিফ জানান, সড়কের বিভিন্ন অংশে ধসের কারণে যে কোনো মুহূর্তে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, পাহাড়ি এবং বাঙালিদের যোগাযোগের একমাত্র সড়কটি নির্মাণের পরপরই ধসে যাচ্ছে। এই প্রতিবেদক সরেজমিন পরিদর্শনকালে ইউপি মেম্বার আরো জানান, সড়কের জামালপুর পাড়ার সলিম ব্যাপারীর পাহাড়ে ওঠার অংশে এবং বাহাদুর ঝিরি মুখের অংশে বিশাল আকারে ধসের সৃষ্টি হয়েছে। সড়কের মাটি ধসে গিয়ে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের নির্মাণকালে রাস্তার উভয় পাশে প্রয়োজনীয় গাইড ওয়াল নির্মাণ করা হয়নি বলে তিনি জানান। রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান চাছিং প্রু জানান, গত বর্ষায় সড়কটির ব্যাপক ক্ষতি হয়েছে। জরুরি ভিত্তিতে ধসে যাওয়া অংশের মেরামত প্রয়োজন। লামা উপজেলা প্রকৌশলী মো. নাজিম উদ্দিন জানান, নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছরের মধ্যে একই সড়কে পুনরায় মেরামত প্রকল্প গ্রহণ করা যায় না। এলজিডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী এন এস এম জিল্লুর রহমান জানান, এই সড়কের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।