স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মনসুর আলম এই আদেশ দেন। দণ্ডিতরা হলেন—রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়া মহল্লার মানু মণ্ডলের ছেলে সাইদুর ওরফে গ্যাট (৪২) এবং একই এলাকার মো. হাসেনের ছেলে মো. রানা (৩০)।
মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকেই ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ আগস্ট দুপুরে মাঝি গ্রাম থেকে ফুপুর বাড়ি পাকুড়িয়া যাওয়ার পথে এক শিশুকে তুলে নিয়ে যায় স্থানীয় বখাটে সাইদুর রহমান ও তার সহযোগী রানা। পরে শিশুকে পালাক্রমে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে। এরপর শিশুটির লাশ পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে রাখে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।